নিজস্ব প্রতিবেদক, মোঃ কাউসার ভূঁইয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ:
মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদকবিরোধী প্রতিবাদ শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে একটি পরিত্যক্ত স্থান থেকে ছয়টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দি গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বক্তারকান্দি ও শান্তিনগর গ্রামের বাসিন্দাদের উদ্যোগে মাদকবিরোধী একটি বড় কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে এলাকায় একটি প্রতিবাদ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রার একপর্যায়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বক্তারকান্দি গ্রামের একটি পরিত্যক্ত স্থানে মাদক সেবনের আস্তানা রয়েছে বলে অভিযোগ তোলেন। পরে বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হকসহ কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিরা ওই স্থানটি পরিদর্শনে যান।
সেখানে গিয়ে মাদক সেবনের বিভিন্ন আলামতের পাশাপাশি একটি বড় গাঁজা গাছ দেখতে পাওয়া যায়। এরপর আশপাশে তল্লাশি চালিয়ে আরও পাঁচটি ছোট গাঁজা গাছ শনাক্ত করা হয়। তাৎক্ষণিকভাবে গজারিয়া থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক বলেন, "মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।" একই সঙ্গে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে বাউশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড প্রশাসক নজরুল ইসলাম জানান, পুরো বাউশিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর নানামুখী উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে গাঁজা গাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুরো বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির ঠিক মাঝপথেই একই এলাকায় গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় স্থানীয় সচেতন মহলের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন :