ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের বিরুদ্ধে মামলা, প্রধান আসামি ইয়াসিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৬, ০৫:৫১ বিকাল

পারভেজ বাঙালী-চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডাধীন জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ। সোমবার রাতে সীতাকুণ্ড থানায় ৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম। তিনি জানান, সরকারি কাজে বাধা, সংঘবদ্ধ সশস্ত্র হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও বিস্ফোরণ ঘটানোর অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে এই মামলাটি করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে স্থানীয় সন্ত্রাসী ইয়াসিনকে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২৪ মে) দিবাগত গভীর রাতে জঙ্গল সলিমপুরের মূল সড়কের বিভিন্ন অংশ কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। এরপর তিন দিক থেকে যৌথবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে অতর্কিত ও সশস্ত্র হামলা চালানো হয়। হামলাকারীরা নির্মাণাধীন একটি ক্যাম্পের ব্যাপক ক্ষতিসাধন করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলি চালালে সন্ত্রাসীদের সাথে বেশ কয়েক ঘণ্টা ধরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে যৌথবাহিনীর বিশেষ অভিযান জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Link copied!