মোহাম্মদ আকমামুল হক, রূপগনজ প্রতিনিধি:
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদক বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে তারাব পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন নেতাকর্মীরা।সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার মো. আল-আমিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোতালিব ভূঁইয়া, রূপগঞ্জ থানা দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের ভয়াবহ বিস্তার রোধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ করে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে বক্তারা মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং জন সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন :